গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম নামক এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম নামক এলাকায় অবস্থিত আনসার ব্যাটালিয়ন-২ সদরদফতরের ভেতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত কিছু দুষ্কৃতিকারী। বিস্ফোরিত ককটেলটি জর্দার কৌটায় কালো স্কচটেপ প্যাঁচানো ছিল। ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

গোপালগঞ্জে গত ৫ দিনে এ নিয়ে তিন জায়গাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে স্থান ত্যাগ করে বলে জানা গেছে। তবে উক্ত ককটেল বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ককটেল বিস্ফোরণের বিষয়ে গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদরদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা বলেন, ককটেল বিস্ফোরণে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। গোপালগঞ্জে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এবং ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনার পর থেকে এসব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে যৌথ বাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলমান রয়েছে।