আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে উপলক্ষে চার দিনের ছুটিতে ভোট দিতে বাড়ি ফিরছেন লাখো মানুষ। ঢাকাসহ আশপাশের এলাকা থেকে পাটুরিয়া ঘাটে এসে ফেরি ও লঞ্চ পার হয়ে রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে দৌলতদিয়া বাস টার্মিনালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে দৌলতদিয়া বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পোড়াদাহ পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মুনতাসির হাসান খান বলেন, নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে বাড়ি ফেরা সাধারণ মানুষের কাছ থেকে কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে গোপন খবর পেয়ে অভিযান পরিচালনা একটি পরিবহনকে ৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। পাশাপাশি এমন কাজ থেকে বিরত থাকতে পরিবহন কাউন্টারের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।
এ সময় বাড়তি ভাড়া ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।