কিশোরীর সঙ্গে প্রেমের জেরে প্রেমিকের বাড়িতে হামলা-গুলি

রাজবাড়ীর গোয়ালন্দে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিকের বাড়িতে হামলা ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে রবিবার (২২ মার্চ) রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামের রশিদ মোল্লার ছেলের সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ পাঁচুরিয়া গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক চলছিল। তিন দিন আগে কিশোরী তার প্রেমিকের বাড়িতে চলে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।

শনিবার দিবাগত রাত ২টার দিকে রশিদ মোল্লার বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি অকথ্য গালাগাল ও হুমকি ধমকি দেয়। সেই সঙ্গে ঘটনাস্থলে ৫ রাউন্ড গুলি ছোড়ে। পরে এলাকার মানুষ জড়ো হয়ে তাদের ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে রশিদ মোল্লার পরিবার।

গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দুটি শটগানের গুলির খোসা উদ্ধার করেছি। রশিদ মোল্লার ছেলের সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ চর পাঁচুরিয়া গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্কের কথা শুনেছি। ওই ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে আমি নিশ্চিত নই। থানায় অভিযোগ দিলে তদন্ত করলে বিষয়টি বেরিয়ে আসবে।’

গোয়ালন্দ ঘাট থানার ওসি মুমিনুল ইসলাম বলেন, ‘প্রেমঘটিত ঘটনার জেরে এমনটি ঘটেছে বলে শুনেছি। রবিবার রাত ৯টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। এলাকায় বসে নিজেরা নিজেদের সমস্যা সমাধান করে নিয়েছে বলে জানতে পেরেছি আমরা।’