সাভারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও গুলি

ঢাকার সাভারে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের হামলা ও গুলির ঘটনার ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে সাভার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ঢালাই মোড় রাজাশন মহল্লায় বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে পৌর এলাকার ঢালাই মোড়ের ৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ১৪/১৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তিন রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এর মধ্যে দুইটি গুলি কার্যালয়ের এসিতে লাগে। পরে দেশীয় অস্ত্র দিয়ে কার্যালয়ের সাটারে ভাঙচুরের চেষ্টা করে।

সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন, রাত ১০টার দিকে বিদ্যুৎ না থাকায় কার্যালয়ের বাইরে আমরা বসে ছিলাম। এ সময় ১৪-১৫ দুর্বৃত্ত আমাদের বিএনপি কার্যালয়ে হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুরের চেষ্টা করে ও তিন রাউন্ড গুলি করেছে। এর মধ্যে দুইটি গুলি এসিতে গিয়ে লাগে।

এ ঘটনায় সাভার মডেল থানার এএসআই হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে ভাঙচুর ও তিনটি গুলির খোসা পাওয়া গেছে। এর মধ্যে দুটি গুলি অফিসের এসিতে লাগে এবং একটি গুলি মিস ফায়ার হয়েছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।