নির্বাচনে পরাজিত প্রার্থীকে কল দিয়ে চাঁদা দাবি, বললো ‘না দিলে মেরে ফেলবো’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ নভেম্বর ২০২৬, ১৯:৪০ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৪০

সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত চট্টগ্রামের রাউজান উপজেলায় এবার চাঁদা চেয়ে মাদ্রাসার এক অধ্যক্ষকে মেরে ফেলার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ভুক্তভোগী অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নূরী জীবনের নিরাপত্তা চেয়ে রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চাঁদার জন্য মোবাইল ফোনে হুমকি পাওয়া অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নূরী ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি। এ ছাড়া তিনি রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে কর্মরত। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে বৃহত্তর সুন্নী ঐক্য জোটের মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬ হাজার ৬৯৬ ভোট পেয়েছিলেন। তবে ওই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এক লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।  

এ সম্পর্কে ভুক্তভোগী অধ্যক্ষ ইলয়াস নূরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে নামাজরত অবস্থায় আমার ফোনে একটি কল আসে। নামাজ শেষ করে একই নম্বর থেকে পুনরায় কল এলে রিসিভ করি। অপর প্রান্ত থেকে বলা হয়, ‘‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাবো গুলি করে মেরে ফেলবো’’। আমি বলেছি, আমি কোনও পয়সাওয়ালা ব্যক্তি নই, মাদ্রাসায় চাকরি করি। তখন সে বলে, আমার টাকা-পয়সা আছে কি নেই, তা সে জানে। তাদের টাকা দিতেই হবে।’

তিনি বলেন, ‘মোবাইল ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি রাউজানের একজন শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদা দাবি করেন। ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও ফোন করে বলা হয়, ‘‘চাঁদা পাঠাইছেন? তাড়াতাড়ি পাঠান। আপনাকে বাঁচানোর জন্য আবার ফোন করলাম। নইলে আপনাকে মেরে ফেলতে হবে। দেখেছেন তো, কত মানুষ আমরা মেরে ফেলেছি। আপনাকেও গুলি করে মেরে ফেলবো০। কসম করে বললাম, মেরে ফেলবো’’।’

ইলিয়াস নূরী বলেন, ‘একপর্যায়ে আমি তাকে বললাম, আমাকে মেরে ফেললে মেরে ফেলো, আমার কাছে টাকা-পয়সা নেই। আমি চাঁদা দিতে পারবো না। এ কথা বলে ফোনের সংযোগ কেটে দিই।’

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাউজান থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেন চাঁদার জন্য হুমকি পাওয়া ইলিয়াস নূরী।  

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৬ মিনিট থেকে ০১৩৫০-৫৬৫৩০৯ নম্বর থেকে ইলিয়াছ নূরীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি ওই নম্বরে কলব্যাক করলে অপর প্রান্তের অজ্ঞাত ব্যক্তি নিজের অনুসারীদের পরিচালনার জন্য তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। একই সঙ্গে ওই দিন সন্ধ্যার মধ্যে দাবি করা টাকা পরিশোধের সময়সীমা বেঁধে দেন। অন্যথায় তাকে প্রাণে হত্যাসহ বড় ধরনের ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে একই নম্বর থেকে একাধিকবার ফোন করে তাকে বিরক্ত করা হয়। রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারের সদস্যদের যেকোনও সময় ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট মোবাইল নম্বরটির ব্যবহারকারীকে শনাক্ত এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ইলিয়াছ নুরী।

এ প্রসঙ্গে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ইলিয়াস নূরী নামে এক ব্যক্তিকে হুমকির বিষয়ে আমি জেনেছি। থানায় তিনি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাউজান উপজেলায় ২৭ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে কমপক্ষে ২২ জন খুন হয়েছেন দলীয় আধিপত্য বিস্তার, চাঁদার ভাগ নিয়ে। বর্তমানে গত কয়েক মাস ধরে এ উপজেলায় চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনকহারে বেড়েছে। দীর্ঘদিন দেশে-বিদেশে আত্মগোপনে থাকা সন্ত্রাসীরা এলাকায় ফিরে এসে এসব চাঁদা দাবির ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলে অভিযোগ আছে।

/এফআর/
সম্পর্কিত
গোপনে নিজের গার্মেন্টে আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ
কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি ও এমপির অফিস ভাঙচুর
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
এবার যৌথ অস্ত্র উৎপাদনে আগ্রহী তুরস্ক ও সৌদি আরব
এবার যৌথ অস্ত্র উৎপাদনে আগ্রহী তুরস্ক ও সৌদি আরব
শুল্ক হ্রাস, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে চীন-যুক্তরাষ্ট্র
শুল্ক হ্রাস, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে চীন-যুক্তরাষ্ট্র
জেন-জিদের প্লেলিস্টে হুমায়ূন আহমেদের যেসব গান
জেন-জিদের প্লেলিস্টে হুমায়ূন আহমেদের যেসব গান
রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল: ককটেলসহ গ্রেফতার ১৫
রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল: ককটেলসহ গ্রেফতার ১৫
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা