বৈরী আবহাওয়া ও প্রচণ্ড বাতাসের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঝোড়ো বাতাসে নদী উত্তাল হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রচণ্ড বাতাসের কারণে নদীতে তীব্র স্রোত ও বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।’