নরসিংদীতে পৃথক স্থান থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বেলাব, রায়পুরা ও মাধবদী থানা এলাকা থেকে এসব লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বেলাব-শিবপুর সড়কের পাশের একটি ধানের জমি থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলিচালকের লাশ উদ্ধার করে পুলিশ। আপন বেলাব উপজেলার বাজনাব গ্রামের মোস্তু মিয়ার ছেলে। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করতেন। তার স্বজনদের দাবি, আপনকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
নিহতের বাবা মোস্তু মিয়া বলেন, ‘বুধবার রাতে এশার নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি আমার ছেলে। সকালে খবর পাই ধানক্ষেতে ছেলের লাশ পড়ে আছে। এটি হত্যাকাণ্ড। আমি হত্যাকারীদের বিচার চাই।’
বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, ‘আপন মিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি হত্যাকাণ্ড। হত্যায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।’
এদিকে, সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ। তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন বলে ধারণা পুলিশের। মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, ‘ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। পরে পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা করেও পরিচয় শনাক্ত করতে পারেনি। আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি।’
অপরদিকে, দুপুরে মাধবদীর মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ভূঁইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। সাইফুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদীর রামচন্দ্রদী গ্রামের সাফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন তৌফিকুল ইসলামদের বাড়িতে ভাড়া থাকতেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘শরীরে কোনও আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে স্বজনরা দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’