টংগীবাড়িতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক

মুন্সীগঞ্জের টংগীবাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে। সোমবার (১ জুন) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ইউসুফ শেখের গোয়ালঘর থেকে নোংরা পানি ও আবর্জনা পাশের বাড়িতে ছড়িয়ে পড়ার নিয়ে প্রতিবেশী জরিপ শেখের সঙ্গে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখ বাগবিতণ্ডায় জড়ায়। বাগবিতণ্ডার এক পর্যায়ে ইউসুফ শেখ ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে জরিপ শেখকে উপর্যুপরি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, জরিপ শেখের সঙ্গে ইউসুফ সেখের বাগবিতণ্ডার ঘটনায় আমিসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ইউসুফ শেখ ও পলাশ দা কুড়াল নিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করলে তিনি সেখানেই মারা যান। 

এ বিষয়ে টংগীবাড়ি থানার ওসি মনিরুল হক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফ ও তার ছেলে পলাশকে আটক করেছে। 

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।