গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে (৩৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলো- জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ (৪০) ও তার সহযোগী একই এলাকার শাহিন মিয়া (৩৮)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার একটি টিনশেডের ভাড়াবাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করেন ভুক্তভোগী দম্পতি। গত বুধবার (১০ জুন) তার রাজমিস্ত্রি স্বামী কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন। এ সুযোগে ওই দিন বিকালে তার বাড়িতে ঢুকে দুই শিশু সন্তানের সামনে মুখ চেপে ধরে রান্নাঘরে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। পরে শুক্রবার বিকালে থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।