গভীর রাতে ঘর থেকে বের করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।

লৌহজং থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাবার শেষে সোহেল মুন্সী তার বসতবাড়ির উত্তর দুয়ারী ঘরে একা ঘুমাতে যান। কয়েক দিন আগে তার স্ত্রী নুপুর বেগম সন্তান প্রসব করায় তিনি শাশুড়ি সেফালি বেগমের সঙ্গে পাশের আরেকটি ঘরে ঘুমাচ্ছিলেন।

রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠানে বিকট শব্দ ও আগুনের শিখা দেখে সোহেলের মা ও স্ত্রীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তাঁরা দেখতে পান, উঠানে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি জ্বলছে। এর পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সোহেলের মরদেহ।

ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে সোহেলকে ঘুম থেকে ডেকে বা বের করে উঠানে নিয়ে আসে। পরে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর মোটরসাইকেলে আগুন দিয়ে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্রীনগর-সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, গভীর রাতে ঘর থেকে বের করে দুর্বৃত্তরা সোহেল মুন্সীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।