পদ্মাপাড়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বললেন ‘বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে’

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশ্বজুড়ে যখন তুমুল উন্মাদনা, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের সঙ্গে এক আনন্দঘন সময় কাটালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শুক্রবার (২৬ জুন) বিকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া পুরনো ফেরিঘাট এলাকায় এসে তিনি স্থানীয় সমর্থকদের সঙ্গে এই উৎসবে শামিল হন।

এদিন বিকালে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছালে আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। 

পরিদর্শনের শুরুতেই রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা শিমুলিয়া ঘাটে আগে থেকেই উপস্থিত থাকা শত শত উল্লাসিত আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি পদ্মাপাড়ের এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। এই ম্যাচে তার সঙ্গে খেলায় যোগ দেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতনও। রাষ্ট্রদূতের এই অংশগ্রহণ ও প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পুরো পদ্মাপাড়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। খেলা শেষে তিনি ট্রলারে চড়ে পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু ঘুরে দেখেন।

পদ্মাপাড়ের মানুষের ফুটবল উন্মাদনা ও আতিথেয়তায় মুগ্ধ হয়ে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, “এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।” 

উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের সাধারণ মানুষের এই আকাশচুম্বী উন্মাদনা ও ভালোবাসার গল্প আর্জেন্টিনায় প্রদর্শন করার জন্য শিমুলিয়া ঘাটে একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণ করা হচ্ছে। এদিন মুন্সীগঞ্জ সফরের শুরুতে এই তথ্যচিত্রের অগ্রগতি ও শুটিংয়ের সার্বিক কার্যক্রম নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত।