এবার চমক দেখালো যমজ তিন ভাইবোন, গর্বিত স্কুলশিক্ষক মা

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাইবোন। ২০২৫ সালের এ পরীক্ষায় একসঙ্গে দুই ভাই ও এক বোন এমন সাফল্য অর্জন করেছে।

একসঙ্গে যমজ তিন ভাইবোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের ঘটনা এলাকাটিতে আলোচনার জন্ম দিয়েছে। তাদের সাফল্যে পরিবারের পাশাপাশি শিক্ষক, সহপাঠী ও স্থানীয় মানুষের অনেকেই আনন্দ প্রকাশ করেছেন।

বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলো ফাতেমা আক্তার, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন। তাদের বয়স ১২ বছর। তারা উপজেলার ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী মো. শামীম ও শিক্ষক আর্জিনা আক্তারের সন্তান।

তিন ভাইবোন বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছর মোট চার জন ট্যালেন্টপুল ও চার জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে তিন জনই যমজ ভাইবোন।

তাদের মা ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তার জানান, তার তিন সন্তান ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। তাদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও পরিবারের উৎসাহ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। বিদেশে থাকা বাবা নিয়মিত সন্তানের পড়াশোনার খোঁজ নিতেন এবং উৎসাহ দিতেন। তিনি চান, তার সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করুক

প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছর মোট চার জন ট্যালেন্টপুল ও চার জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে যমজ তিন ভাইবোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন বিদ্যালয়ের জন্য বিশেষ গর্বের বিষয়।