বকেয়া বেতন চাওয়ায় মালিক পক্ষের হামলা : ৬ শ্রমিক আহত

সাভার

সাভারে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবি জানালে মালিকপক্ষের হামলায় ৬ শ্রমিক আহত হয়েছে। বুধবার বেলা ১১টায় সাভারের জিনজিরা এলাকার সিপিএম কম্পোজিট নিট (প্রা.) লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভারের কলমার জিনজিরা এলাকার সিপিএম কম্পোজিট নিট (প্রা.) লিমিটেড কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ফেব্রুয়ারি  ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধে তালবাহানা করে আসছিল। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় ঢুকে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে কর্মবিরতী শুরু করে। এসময় মালিক পক্ষের লোকজন শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য বললেও শ্রমিকরা তাদের কর্মবিরতী অব্যাহত রাখে। এক পর্যায়ে বেলা ১১টার দিকে কারখানার কয়েকজন শ্রমিকের সঙ্গে মালিকপক্ষের লোকজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় মালিক পক্ষের হামলায় ওই কারখানার ৬ শ্রমিক আহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও অপ্রীতি পরিস্থিতি এড়াতে কারখানাটি বুধবারের জন্য ছুটি ঘোষনা করা হয়।

এব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চত করে বলেন, শ্রমিক অসন্তোষের মুখে কারখানাটি বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলে তিনি জানান।

/জেবি/