ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট, আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধা শাফিয়া বেগম (৭৭) হত্যা মামলায় আসামি মো. রুবেল মিয়া ওরফে রুবেল প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ভিন্ন ধারায় অর্থদণ্ডসহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রুবেল প্রধান চাঁদপুরের মতলব থানার মো. লিটন মুন্সির ছেলে।

আদালতের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত ওই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং ডাকাতির অভিযোগে পৃথক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন মামলার বাদী ফেরদৌসি বেগম মায়া। ওই সময় তার বাবা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যান। পরে রুবেল ঘরে ঢুকে তার মা শাফিয়া বেগমের গলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ সময় তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেন এবং কানে থাকা আট আনা ওজনের স্বর্ণের দুল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর নিহতের মেয়ে ফেরদৌসি বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের ১৭ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে রুবেলকে গ্রেফতার করা হলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

নারায়ণগঞ্জ জেলা কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, দণ্ডিত রুবেল মাদকের টাকা সংগ্রহের জন্য প্রতিবেশী বৃদ্ধা শাফিয়া বেগমকে (৭৭) নিজ ঘরে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ মামলায় আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।