টাকা হাতে পেয়ে সরকারি কর্মকর্তা বললেন ‘চেষ্টা করবো আগে করার’

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের এক উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ২২ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ডাঙ্গী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে টাকা গুনে পকেটে রাখছেন। পরে নিজের চেয়ারে গিয়ে বসে টাকা প্রদানকারীকে এক মাসের মধ্যে কাজ করে দেওয়ার কথা বলেন।

ভিডিওতে টাকা প্রদানকারীকে বলতে শোনা যায়, ‘টাকাগুলো গোনা দেন।’ জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘কম দেওয়ার বিষয় না। কাজ হলো আপনার, টাকাও আপনার; আমার কী!’ এরপর নিজের চেয়ারে বসে তাকে আরও বলতে শোনা যায়, ‘চেষ্টা করবো আরও আগে করে দেওয়ার, কিন্তু টাইম (সময়) এক মাস।’ তবে তিনি কত টাকা নিয়েছেন, তা ভিডিও দেখে বোঝা বা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ভিডিওটির বিষয়ে জানতে চাইলে ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন দাবি করেন, ‘ভিডিওটি এডিট করা।’ তবে কী ধরনের সম্পাদনা করা হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি। তিনি আরও বলেন, ‘সব মিথ্যা কথা, এ ধরনের কার্যক্রম আমার অফিসে হয় না।’

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য বলেন, ‘উনি আমাদের মেম্বারদেরও ছাড় দেন না, প্রচুর টাকা খান। আমার ব্যক্তিগত কাজে ১০ হাজার টাকা নিয়েছিলেন, কিন্তু খাতায় লিখেছিলেন ৬ হাজার ৬০০ টাকা। পরে এক হাজার টাকা ফেরতও দিয়েছিলেন।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ‘আমি সবাইকে চিনি না। তবে ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’