দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (কোমানি) শহরের একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচ জনই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকেই স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কোকের চর এলাকার মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), একই এলাকার আলী মিয়ার ছেলে মো. আপন (২৩), নুর মোহাম্মদ (৫৫), বক্তাবলী ইউনিয়নের তৈলখিরার চর এলাকার ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), কানাইনগর এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০) ও মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার মৃত সালাম ব্যাপারীর ছেলে মো. রাজিক (৫৫)।
স্বজনরা জানান, কুইন্সটাউনের শ্রম এলাকায় একটি সুপারশপে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভেতরে থাকা বাংলাদেশিরা বের হতে না পেরে দগ্ধ হন। এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। আরও একজন দগ্ধ হয়েছেন।
স্বজনদের ভাষ্য, প্রায় ১১ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান ফাহিম। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছিলেন তিনি। হঠাৎ অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাবা মনির হোসেন নির্বাক হয়ে পড়েছেন। ফাহিমের ভগ্নিপতি মো. সজীব বলেন, ‘ফাহিমের মৃত্যুর ঘটনায় তাদের বাড়িতে আহাজারি চলছে। ফাহিম পুরো সংসার চালাতেন। তাকে হারিয়ে স্বজনরা নিঃস্ব হয়ে গেছেন।’
চার বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান আপন। দুই ভাই ও এক বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। তার বাবা আলী মিয়া স্থানীয়ভাবে চায়ের দোকান চালান এবং মা আকলিমা বেগম গৃহিণী। বড় ভাই জুয়েল সৌদি আরবে কর্মরত। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। আপনের মামা রাসেল বলেন, ‘পরিবারের ভাগ্য বদলাতে বিদেশে গিয়েছিল। কিন্তু লাশ হয়ে ফিরবে, এটা কখনও ভাবিনি আমরা।’
নিহতদের লাশ দেশে আনার প্রক্রিয়া ও অগ্নিকাণ্ডের কারণ জানতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন নারায়ণগঞ্জের ও একজন মুন্সীগঞ্জের বাসিন্দা বলে জেনেছি। নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি আমরা।’
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও অফিসিয়ালি কোনও তথ্য আমাদের দেওয়া হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে আমরা বেশ কয়েকজন নিহতের সংবাদ পেয়েছি। এর মধ্যে নারায়ণগঞ্জের আলীরটেক ও বক্তাবলীর বাসিন্দা আছেন।’
মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি সুপারশপে আগুন লাগে। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয় জন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।