৮ মাস বাকি থাকতে সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগ, পিছু হটলো জাতীয় বিশ্ববিদ্যালয়

সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের পরিচালনা পর্ষদে পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা আপাতত স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগের সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থানীয় সংসদ সদস্য (এমপি) দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের স্ত্রী সাবিনা সিদ্দিকাকে কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি করা হয়েছিল।

আট মাস বাকি থাকতেই কলেজটির গভর্নিং বডির (পরিচালনা পর্ষদ বা কমিটি) সভাপতি শিহাব উদ্দিন খানের স্থলে সাবিনা সিদ্দিকাকে এবং বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ফকির রফিকুল আলমের স্থলে শিরিন আফরোজকে গত ২৩ জুলাই মনোনয়ন দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে শিহাব উদ্দিন খান গত সপ্তাহে হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

একই সঙ্গে এ ধরনের মনোনয়ন পরিবর্তনের ক্ষমতা সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি, ২০১৯-এর ৭ ধারা এবং সংশ্লিষ্ট মনোনয়ন পরিবর্তনের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন এ তথ্য নিশ্চিত করেন।

আজ দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে হয়েছে, মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন সংক্রান্ত গত ২৩ জুলাইয়ের স্মারকপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নির্দেশনা মোতাবেক আপাতত স্থগিত করা হলো।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম এ জামান বলেন, ‘আজ দুপুরের দিকে ই-মেইলের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।’ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা আপাতত স্থগিত করা হয়েছে। বিষয়টি দুপুরের দিকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৪ এপ্রিল শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছিল। সেই হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২৪ এপ্রিল।

কিন্তু মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদের সই করা এক চিঠিতে জানানো হয়, গভর্নিং বডির সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শিহাব উদ্দিন খানের স্থলে সাবিনা সিদ্দিকাকে কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সেইসঙ্গে বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ফকির রফিকুল আলমের পরিবর্তে শিরিন আফরোজকে মনোয়নন দেওয়া হয়েছে। 

সাবিনা সিদ্দিকা ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের স্ত্রী। ওই ঘটনার পর সভাপতি পদে নিয়ম অনুযায়ী কলেজ থেকে নামের প্যানেল পাঠানোর কথা থাকলেও তা মানা হয়নি। সামগ্রিক বাস্তবতায় সংসদ সদস্যের হস্তক্ষেপ ও স্বজনপ্রীতি করা হয়েছে বলে অভিযোগ উঠছিল।