নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির সময় পুলিশ সদস্যসহ চার জন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকাল ৩টার দিকে নগরীর ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আটক দুজন হলেন- ফতুল্লার ইসদাইর এলাকার রাজ্জাক মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৪) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন মিয়া (২৩)। এর মধ্যে জসিম গুলিবিদ্ধ হয়েছেন।
আহত তিন পুলিশ সদস্য হলেন- ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। আহতদের নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩টার দিকে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী জসিম ও মোহনসহ সাত-আট জনের একটি দল পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে ফতুল্লা মডেল থানার এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার তাদের পাল্টা আট রাউন্ড গুলি ছোড়েন। এতে মাদক ব্যবসায়ী জসিম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ জসিম ও মোহনকে আটক করে। তাদের মধ্যে আহত জসিমসহ তিন পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার সময় তাদের সাত-আট জনের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়েছে। এতে একজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া পুলিশের তিন জন সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’