মাদক মামলার আসামি ধরতে গিয়ে গুলিভর্তি পিস্তল হারিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পারভেজ মল্লিক। হারানো পিস্তলটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।
গত শনিবার (৩১ অক্টোবর) বিকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তর পাশে উনিশে টাওয়ার-সংলগ্ন স্থানে পিস্তল হারানোর ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে ওসি হারুনুর রশীদ পিস্তল হারানোর বিষয়টি নিশ্চিত করেন।
এএসআই পারভেজ মল্লিক জানান, ঘটনার দিন তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে ছিলেন। নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনকালে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন তারা। আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তি হয়। তখনও পিস্তলটি তার সঙ্গে ছিল। পরে আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর বুঝতে পারেন, সঙ্গে থাকা পিস্তলটি নেই। তবে ঠিক কোথায় বা কীভাবে পিস্তলটি হারিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
এএসআই পারভেজ আরও জানান, হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল। অভিযানের সময় তার সঙ্গে পুলিশের অন্য সদস্যরাও ছিলেন। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বাসন থানার ওসি হারুনুর রশীদ বলেন, মাদকের আসামি ধরতে গিয়ে এএসআই পারভেজ মল্লিক তার সঙ্গে থাকা পিস্তলটি হারিয়ে ফেলেছেন। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। হারানো অস্ত্রটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।