ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে কাভার্ডভ্যান বিকল হলে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। পরে হাইওয়ে পুলিশ গিয়ে যানবাহনটি অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২৯ আগস্ট) সকালে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন এলাকায় চট্টগ্রামমুখি লেনে গাড়িটি বিকল হলে এ যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ার চর এলাকায় মহাসড়কের ঢাকামুখি অংশে বড় গর্ত তৈরি হওয়ায় সেখানে জরুরি ভিত্তিতে মেরামত ও সংস্কার কাজ শুরু করা হয়েছে। এতে আষারিয়ার চর এলাকায় মহাসড়কের প্রায় পাঁচ মিটারজুড়ে থাকা গর্তে মাইক্রো কংক্রিট ঢালাই দেওয়া হয়েছে। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত মহাসড়কের একটি লেন বন্ধ রাখা হয়েছিল। এতে  মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে, এক পর্যায়ে যানজটের সৃষ্টি হয়। সংস্কার কাজ শেষে আজ সকালে ওই লেনটি খুলে দেওয়া হয়।

এদিকে আজ সকালে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন এলাকায় চট্টগ্রামমুখি লেনে একটি কাভার্ডভ্যান বিকল হলে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট মেঘনা টোল প্লাজা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সোনারগাঁ মোগরাপাড়া এলাকার যাত্রী রুবেল হোসেন বলেন, আজ আমাদের এখানে যানজট নেই। মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হলে সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কাচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, মহাসড়কে একটি কাভার্ডভ্যান বিকল হওয়ায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে দিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও বলেন, আষারিয়ার চর ব্রিজ এলাকায় সংস্কার কাজের জন্য শুক্রবার একটি লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে সংস্কার কাজ শেষে আজ সকালে ওই লেনটি খুলে দেওয়া হয়। সেখানে কোনও সমস্যা নেই।