‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সদের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনা জানাজানি হলে সদ্যবিদায়ী ও নবাগত সিভিল সার্জনের বিদায় ও যোগদান অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মিলনায়তনে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে চাঁদার বিষয়টি জানাজানি হলে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। অনুষ্ঠান বাতিলের বিষয়টি বিকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও নাজমুল হাসান।

খোঁজ নিয়ে জানা গেছে, সদ্যবিদায়ী ও নবাগত সিভিল সার্জনের বিদায় ও যোগদান অনুষ্ঠান উপলক্ষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) নার্সদের কাছ থেকে জনপ্রতি এক হাজার টাকা করে চাঁদা তোলা হয়। অনুষ্ঠানের উপহার ও খাবারের জন্য ইতিমধ্যে নার্সদের কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা তোলা হয়। এর পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকেও ৫০ হাজার টাকা চাঁদা তোলা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতালে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এ বিষয়ে হাসপাতালের নার্সদের সঙ্গে কথা বললে তারা অনুষ্ঠান বাতিলের বিষয়টি জানান। 

নার্সদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে শতাধিক নার্স কাজ করেন। তাদের কাছ থেকে এক হাজার করে টাকা চাঁদা নেওয়া হয়েছে। তবে বিভিন্ন শিফটে অনেক নার্স অনুপস্থিত থাকায় সবার কাছ থেকে টাকা নেওয়া সম্ভব হয়নি। তবে অধিকাংশদের কাছ থেকে চাঁদার টাকা তোলা হয়েছে। সব মিলিয়ে ৭০ হাজারের অধিক টাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুজন নার্স বলেন, অনুষ্ঠানে খাবার প্যাকেট দেওয়ার কথা বলা হয়েছিল। এ কারণে এত বেশি টাকা নেওয়া হয়েছে। তবে আমাদের কাছ থেকে এত টাকা কেন নেওয়া হলো সেটা বুঝতে পারিনি। তাছাড়া সিভিল সার্জনের বিদায় বা যোগদান অনুষ্ঠানের সঙ্গে আমাদের সম্পর্ক কী। 

চাঁদার টাকা ফেরত দেওয়া হবে জানতে পেরে তারা জানান, আমাদের টাকা ফেরত দেওয়া উচিত। কিন্তু এখনও দেয়নি। দিলে ভালো হবে।

এ বিষয়ে জানতে হাসপাতালের নার্সিং সুপারভাইজার শিখা রাণী মণ্ডলকে খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালে তার শিফট পরিবর্তন হয়েছে বলে অন্য নার্সরা জানান। 

হাসপাতালের আরএমও নাজমুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ বেলা ২টার পর অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চাঁদার বিষয়টি সামনে আসার পর অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’

উত্তোলিত চাঁদার টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই চাঁদার টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো ফেরত দেওয়া হবে।’ 

নবাগত সিভিল সার্জন ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এস এম সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও অনুষ্ঠানের কারণে লজ্জা পেতে হলে সেই অনুষ্ঠান বাতিল করাই উচিত। এ কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। সাবেক সিভিল সার্জন ও আমি মিলে অনুষ্ঠান বাতিল করেছি।’

চাঁদার টাকা কারা উত্তোলন করলো এবং ফেরত দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যারা অভিযোগ করেছে তাদের কাছে জিজ্ঞাসা করেন, টাকা ফেরত দেওয়া হয়েছে কিনা। এ বিষয়ে আসলে আর কথা বলার মতো কিছু নেই, যেহেতু অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’