মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ

ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে মুন্সীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের বহনকারী তিনটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার দিনের যেকোনও সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে কিংবা জেলার বিভিন্ন সড়কে ঝটিকা মিছিল হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার সব থানা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ সোমবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সদরের নয়াগাঁও এলাকা থেকে একটি মাইক্রোবাসে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে।

এরপর রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার হাতিমারা মোড়ে হাতিমারা তদন্তকেন্দ্রের চেকপোস্টে আরও ১১ নেতাকর্মীকে একটি মাইক্রোবাস গাড়িসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে, রাত ২টার দিকে শ্রীনগর থানার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট চলাকালে আরও ১০ সদস্যকে একটি মাইক্রোবাসসহ গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের বহনকারী গাড়িগুলো থেকে মাস্কসহ ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তছলিম উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে এবং ৫-৭ দিন করে রিমান্ড আবেদন করা হবে।