বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজির মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনামুল হক ইমু’সহ (৩৫) দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অপরজন হলেন শামীম (৩৯)।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম।
এনামুল হক ইমু পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়ালের ছেলে। অপর গ্রেফতার শামীম ওরফে ‘ইয়াবা শামীম’ কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাকুরতলা গ্রামের মজিবুর রহমান মহরারের ছেলে।
পুলিশ জানায়, ১২ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে পাথরঘাটা থানায় মামলা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমেদ। ওই মামলায় এনামুল হক ইমু ও শামীমকে আসামি করা হয়। পরে মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এর আগে গভীর সমুদ্র থেকে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার চালান পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সে সময় ইমুর পরিচালিত একটি ট্রান্সপোর্ট অফিস থেকে সাত পিস ইয়াবা ও এক পোটলা গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যক্তিগত অফিস থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মো. আব্দুল আলীম বলেন, চাঁদাবাজির মামলার তালিকাভুক্ত আসামি এনামুল হক ইমু ও শামীমকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আগেও একাধিক মামলা রয়েছে। এর আগে ইমুর পরিচালিত ট্রান্সপোর্ট অফিসে অভিযান চালিয়ে সাত পিস ইয়াবা, এক পোটলা গাঁজা ও একটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়েছিল।
গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।









