প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে উপজেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীতে প্রথম স্থান অধিকার করেছেন সানজিদা আক্তার শ্রাবন্তী। রবিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ‘খ’ বিভাগে অংশ নিয়ে তিনি প্রথম হন।

সানজিদা আক্তার শ্রাবন্তী গাজীপুরের শ্রীপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (মাওনা চৌরাস্তা) এলাকার শামসুদ্দিন শেখ ও রোজিনা আক্তার দম্পতির মেয়ে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেই গান ও নাচের নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পাওয়ার ধারাবাহিকতায় প্রাতিষ্ঠানিক পর্যায়েও তার প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

নিজের এই অর্জন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে শ্রাবন্তী জানান, পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে তিনি নজরুল সংগীত চর্চা অব্যাহত রাখতে চান। সংগীত ভুবনে প্রবেশ করে তার মেধা ও অনন্য প্রতিভার স্বাক্ষর রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

নিজের সফলতার পেছনে মায়ের অবদানের কথা স্মরণ করে শ্রাবন্তী বলেন, ‘ছোটবেলা থেকেই মায়ের উৎসাহ ও সার্বিক সহযোগিতার কারণেই আজ আমি এতদূর আসতে পেরেছি।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। 

গত ৩১ আগস্ট থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারছেন।
 
প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুলসংগীত ভিত্তিক একক নৃত্য থাকছে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আবৃত্তিতে ‘ভোর হলো’, ‘খোকার সাধ’, ‘খুকি ও কাঠবিড়ালী’, ‘মোসাহেব’ ও ‘লিচু চোর’ কবিতা নির্ধারণ করা হয়েছে। কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সংকল্প’, ‘কান্ডারি হুঁশিয়ার’, ‘বিদ্রোহী’, ‘মানুষ’ ও ‘ওমর ফারুক’।