রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি

গাজীপুরে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং একটি ব্লাংক কার্তুজসহ ‘চাঁদাবাজ’ রাসেল রানাকে (৩৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) পোড়াবাড়ী ক্যাম্প। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিত পাল।

গ্রেফতার রাসেল রানা গাজীপুরের সদর উপজেলার জানাকুর গ্রামের আসাদ উল্ল্যাহর ছেলে। চাঁদাবাজির কাজে ব্যবহার করা হতো উদ্ধারকৃত অস্ত্র। চাঁদা না দিলেই অস্ত্র দেখিয়ে দেওয়া হতো হত্যার হুমকি।

এসআরবি-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার দেবজিত পাল বলেন, ‘রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে আসছিল। চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১ গাজীপুর ও উত্তরা বিশেষ টিম রাসেল রানার বাড়িতে অভিযান চালায়। এ সময় নিজ শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি এবং ব্লাংক কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।’