বগুড়ার ধুনটে দোকানের শাটার কেটে চুরি করা প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ধুনট পৌরসভার ইছামতি ডিজিটাল কমপ্লেক্সের প্রথম তলায় মাসুদ টেলিকম থেকে মোবাইল ফোনগুলো চুরি হয়। ঢাকায় পাচারের সময় সিরাজগঞ্জের যমুনা পশ্চিম সেতু থানার টোল প্লাজায় একটি বাসে তল্লাশি চালিয়ে ফোনগুলো উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী উপজেলার সৈয়দপাড়া গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে আল আমিন (৩০), বাকলিয়া উপজেলার সিএমপি বাকলিয়ার মৃত হবু মিয়ার ছেলে আক্কাস আলী (৩৫), নরসিংদীর রায়পুরা উপজেলার চর মদিনানগরের মৃত হারুন মিয়ার ছেলে ইমরান মিয়া (৩০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চব্বাস মোল্লাবাড়ি গ্রামের মৃত শামছুল আলমের ছেলে ইয়াছিন আরাফাত (৩৮), কুমিল্লার চান্দিনা উপজেলার নওয়াবপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে রবিউল ইসলাম (৩৩), মুরাদপুর উপজেলার কামাল্লা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আলা উদ্দিন (২৫), লালমাই উপজেলার নূরপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ইসরাফিল রহমান (২৭) এবং চট্টগ্রাম সদরের ইসমাইল ফয়েজো রোডের মৃত ইব্রাহীমের ছেলে মো. হৃদয় (৩৪)।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, মাসুদ রানা বগুড়ার ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। ধুনট পৌরসভার ইছামতি ডিজিটাল কমপ্লেক্সের প্রথম তলায় তার ‘মাসুদ টেলিকম’ নামে মোবাইল ফোনের দোকান রয়েছে।
নৈশপ্রহরী গত বুধবার সকাল ৭টার দিকে মার্কেটের সব দোকানের তালা ঠিকঠাক দেখে নিজ বাড়িতে চলে যান। পরে ফেলে যাওয়া বাসার চাবি নেওয়ার জন্য সকাল সোয়া ৮টার দিকে আবার মার্কেটে আসেন। এ সময় তিনি অজ্ঞাতনামা ৯-১০ জনকে পিঠে স্কুলব্যাগ ঝুলিয়ে মার্কেট থেকে বের হতে দেখেন। এতে সন্দেহ হলে তিনি মার্কেটের ভেতরে গিয়ে মাসুদ টেলিকমের দোকানের শাটারের তালা ভাঙা ও খোলা দেখতে পান। পরে তিনি দোকানের মালিক মাসুদ রানাকে খবর দেন।
মাসুদ রানা দোকানে এসে দেখেন, গ্যালারিতে সাজানো বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই। এ ঘটনায় তিনি ধুনট থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ গোয়েন্দা নজরদারি শুরু করে। এক পর্যায়ে পুলিশ জানতে পারে, চুরি করা ফোনগুলো ঢাকায় পাচার করা হচ্ছে। পরে বুধবার সকাল সোয়া ১০টার দিকে সিরাজগঞ্জ জেলা পুলিশের সহায়তায় যমুনা পশ্চিম সেতু থানার টোল প্লাজায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ধুনটে চুরি হওয়া প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি স্মার্টফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, গ্রেফতার আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ফোনগুলো চুরির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলো শনাক্ত শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।