গাজীপুরের ডেগিরচালা এলাকায় মেট্রিক্স পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। শনিবার (৩ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেট্রিক্স পোশাক কারখানার আট তলা ভবনের তিন তলায় আগুন লাগে। আগুন লাগার খবরে ইতিমধ্যে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ‘বিকাল পৌনে ৩টার দিকে ফকির মার্কেট এলাকায় ওই পোশাক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। আগুনের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’