হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেফতার

নারায়ণগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে (৪৪) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। তিনি সাবেক সংসদ সদস্যের পুত্র আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত।

শনিবার (৩ অক্টোবর) রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (৪ অক্টোবর) সকালে এসআরবি-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকার কবির হোসেনের ছেলে। বর্তমানে তিনি শহরের আমলাপাড়া প্রেসিডেন্ট রোড এলাকায় বসবাস করেন।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৩ জুলাই সিএনজিচালিত অটোরিকশাচালক জামাল (৪০) নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানায় জিডি করা হয়। নিখোঁজের চার দিন পর ১৭ জুলাই র‌্যাব জামালের অটোরিকশাটি উদ্ধার করে এবং খোকন মিয়া নামে একজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু, আকাশ আহমেদ ও আরাফাত খান শান্তকে গ্রেফতার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের পাঁচ দিন পর ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের ডাস্টবিন থেকে জামালের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হওয়ায় জামালকে জবাই করে হত্যার কথা আসামিরা স্বীকার করেছিলেন।

মামলার আসামিদের মধ্যে গালপোড়া রঞ্জু সাবেক সংসদ সদস্যের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতার চারজন ছাড়াও অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সখিনা বেগম। মামলার চার মাসের মাথায় ১৩ অক্টোবর গ্রেফতার চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে চলতি বছরের ২৪ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় আকাশ আহমেদকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরাফাত খান ওরফে শান্ত (৩৭) ও  খোকন মিয়াকে (৩৮) এ মামলায় খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রঞ্জু ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আকাশ পলাতক ছিলেন। পরে রঞ্জুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এসআরবি-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর জানান, ওই পরোয়ানার ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৮টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার রঞ্জুকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।