ফারজানা ইয়াসমিন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৬ সালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন। তিনি জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ফারজানা ইয়াসমিন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে। চার ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। ২০১৭ সালেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
ফারজানা ইয়াসমিন ২০০৬ সালের ২ জুলাই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের পর থেকেই তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পাঠদান করায় ইতোমধ্যে সহকর্মী ও অভিভাবকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বর্তমানে ওই বিদ্যালয়ে দুই বছরেরও বেশি সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষকদের উৎসাহিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়। সোমবার (৫ অক্টোবর) বিকালে শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।