আমরাও চাই সিন্ডিকেট বলে যেন কোনও শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ‘সিন্ডিকেট কোনও সরকারই পছন্দ করে না। আমরাও চাই সিন্ডিকেট বলে যেন কোনও শব্দই না থাকে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বলেন।

খাদ্য মজুত ভালো পর্যায়ে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাজার মূল্য নিয়ে এখন পর্যন্ত সেরকম কোনও সমস্যা হয়নি। আমাদের খাদ্য মজুতও ভালো আছে।’

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’

পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্প উদ্বোধনের বিষয়ে আফরোজা খানম বলেন, ‘এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলতে পারছি না। আমরা আজ এখানে এসেছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।