প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাপের বাড়ি

ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে (২৮) জোর করে চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ সময় ওই নারী চিৎকার করলেও তারা নির্যাতন চালিয়ে যান। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার নারী ওই গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জলিল মোল্লা।

ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ওই নারীকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। কালো টি-শার্ট পরা এক যুবক তার হাত ধরে রাখেন। এ সময় চেক টি-শার্ট পরা আরেক যুবক কাঁচি দিয়ে তার মাথার চুল এলোমেলোভাবে কাটতে থাকেন। নারীটি চিৎকার করে নির্যাতন থেকে বাঁচার চেষ্টা করলেও তারা থামেননি। ভিডিওর শেষ দিকে দুই যুবককে ওই নারীকে চড় মারতেও দেখা যায়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্ত দুই যুবকের নাম সুমন হোসেন ও জয় হোসেন। তাদের বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে। তারা ওই প্রবাসীর ভাগনে।

অন্যদিকে, ১ মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে রাতে ওই নারী ও তার কথিত প্রেমিককে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী গত শনিবার (১০ অক্টোবর) বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। ওই দিন দিবাগত রাতে পরিবারের সদস্যরা তার কক্ষ থেকে এক যুবকসহ তাকে আটক করেন। ওই যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। পরে তাদের দিনভর আটকে রেখে বিকেলে ওই নারীর চুল কেটে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে সদরপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। তিনি বলেন, কেউ অপরাধ করলে তার বিচার করার জন্য আইন রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড আইনবিরোধী।