সরকার যদি বিধবা কার্ড দেয়, তাহলে সংসদ সদস্যের (এমপি) বউ সবার আগে সেই কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কিছুদিন আগে একটি নিয়োগপ্রক্রিয়ার মতো করে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে এমপির ছেলেও সারের ডিলার হয়েছে, মেয়েও পেয়েছে, শ্যালিকাও পেয়েছে। এমনকি বিধবা কার্ড যদি দেওয়া হয়, বিধবা কার্ডের টাকা যদি দেওয়া হয়, এখানে এমপির বউও সবার আগে পাবে। বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এমন। বিধবা কার্ড—এমপির বউ সবার আগে বলবে, আমাকে একটা দাও।’
সংসদ সদস্যের পরিবারের সদস্যরা সবার আগে বেকার কার্ডও পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘এমনকি বেকার কার্ড দেওয়া শুরু হলে এমপির পরিবারের লোকজন সবার আগে পাবে। এই নিচু মন-মানসিকতা ত্যাগ করে আমরা জেন-জি জেনারেশন যারা আছি, যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশাই করি।’
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিয়েও কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থাটাকে বোঝেন—উনাকে (উপাচার্য) কোনও টিচার চায় না, উনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও চায় না, উনাকে উনার কলিগরাও চায় না; নির্লজ্জের মতো আজকে তালা ভেঙে উনি উনার চেয়ার দখল করেছেন। উনার তো ন্যূনতম লজ্জার একটি বিষয় আছে। উনি কী করছেন, ছাত্রদলের কয়েকজন গুন্ডা নিয়ে উনি রুমের তালা ভাঙছেন।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘সরকার তাকে চুয়েটে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করা বন্ধ করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি প্রায় এক মাস ধরে চট্টগ্রাম সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে নিতে চায় না, লজ্জা নেই তার।’
শিক্ষার্থীদের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘সমাজে এ ধরনের মানসিক অধঃপতনগুলো হচ্ছে। অধঃপতনগুলোর বিরুদ্ধে আপনাদের সব সময় সচেতন থাকতে হবে।’ শিক্ষার্থীদের বিরুদ্ধে ও শিক্ষকদের বিরুদ্ধে যারা দাঁড়ান, যাদের কাছে শিক্ষার চেয়ে পদ বড় হয়ে ওঠে; তাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।