ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের

নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়িক পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার মাহামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় যুবক সাদ্দামের কাছে দুই ট্রাক লোহা বিক্রি করেন। এ বাবদ প্রায় ১০ লাখ টাকা বকেয়া ছিল। সোমবার রাতে ওই টাকা চাইতে মা মাকসুদা বেগম ও ভাই রাসেলকে নিয়ে সাদ্দামের কাছে যান জজ মিয়া।

টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও হামলা-পাল্টা হামলায় রূপ নেয়। পরে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে মাকসুদা বেগম ও তার ছেলে রাসেল গুরুতর আহত হন। অপর পক্ষের সাদ্দামও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জজ মিয়া অভিযোগ করে বলেন, সাদ্দামকে দুই গাড়ি মালামাল দেওয়া হয়েছিলো। কিন্তু সে পাওনা টাকা নিয়ে নানা টালবাহানা করছিল। সোমবার ১০ লাখ টাকা দেওয়ার কথা ছিলো। মা ওই টাকা চাইতে গিয়েছিলেন। এ সময় তর্ক-বিতর্কের জেরে সাদ্দাম ও একই এলাকার হাবিউল্লাহ মিয়ার তিন ছেলে সামাউন হাবিব, অলিদ ও খোকনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে মাকে কুপিয়ে হত্যা করে। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, ব্যবসায়িক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।