মাদক সেবনরত অবস্থায় পুলিশ সদস্যসহ তিন জন আটক

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জাহাঙ্গীর আলম নামের একজনের ঘর থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) ও রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার মোশারফের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর আলম (৩৮)।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, প্রায় মাস খানেক আগে রংপুরের কাউনিয়া উপজেলা এলাকার জাহাঙ্গীর আলম শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার মোশারফের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন। হঠাৎ তার ওই ভাড়া বাসায় মাদকসেবীদের যাতায়াত শুরু হলে এলাকাবাসীর সন্দেহ হয়। শুক্রবার রাতে এলাকাবাসী মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুই জনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ জাহাঙ্গীর আলমের ঘরে অভিযান চালিয়ে ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, এলাকাবাসী মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুই জনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটকদের পুলিশে সোপর্দ করে। আটক তিন জনের মধ্যে সারোয়ার মোর্শেদ পুলিশ সদস্য হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।