গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকালে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি শান্ত রাখতে পরে ওই সড়কের অনেক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের এসেনশিয়াল গার্মেন্টসসহ আরও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে প্রথমে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে অবস্থান নেন। শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, সরকার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়তে শ্রমিকদের সতর্ক করা হচ্ছে।