টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার কাণ্ঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশের লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। শুক্রবার বিকেলেও প্রতিদিনের মতো মাছ ধরতে নদীর ঘাটে যান তিনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে ঘাটে যান। পরে নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পান তারা। এরপর স্বজনরা মরদেহটি বাড়িতে নিয়ে যান।
এদিকে, মুর্শেদের মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি হত্যাকাণ্ড, নাকি নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিবারের দাবি, তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া বলেন, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। এ ছাড়া শুক্রবার সন্ধ্যার ঠিক আগেও অনেকে মুর্শেদকে মাছ ধরতে দেখেছেন। মরদেহ উদ্ধারের পর তার দুই চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেখা গেছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুকসমান পানিতে ডুবে কীভাবে তার মৃত্যু হতে পারে, তা বোধগম্য নয়।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।