সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: জামায়াত আমির

‘ভাঙ্গাবাসী কেমন আছেন? আপনাদের এলাকার নাম ভাঙ্গা। কিন্তু সারা দেশেরই কোমর ভাঙা। তাই দেশকে মেরামত ও সংস্কার করতে হবে।’ ফরিদপুরের ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভায় এ কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের গাড়িবহর ভাঙ্গায় পৌঁছায়। পরে ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ি থেকে নেমে সংক্ষিপ্ত বক্তব্য দেন শফিকুর রহমান। এ সময় সড়কের পাশে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য রাখেন।

শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের তাড়াতে হবে। দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে। এটি জনগণের লড়াই, মুক্তির লড়াই। আমরা সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি।

তিনি আরও বলেন, তারা মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান। এ জন্য গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর কথাও বলেন তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান জানতে চান, তারা তার সঙ্গে আছেন কি না। জবাবে নেতাকর্মীরা সমর্থন জানান। সংক্ষিপ্ত বক্তব্য শেষে গাড়িবহর নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয় লংমার্চ।

চট্টগ্রাম ও রংপুরের পর এবার খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্যজোট। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

জোটের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।

লংমার্চে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।