নারায়ণগঞ্জে প্রবেশ করলে সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ সময় তিনি ওই সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার নানা সমালোচনা করেন।
রবিবার (১ নভেম্বর) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সস্তাপুর এলাকায় জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘নারায়ণগঞ্জে একটা চাপাবাজ, নাটকবাজ গডফাদার আছে। সে ঘোষণা দিয়েছে, ‘‘আমি ডিসেম্বরে আসতেছি, কামান-টামান, গোলাবারুদ কোনও কিছুই আমাকে আটকাতে পারবে না।’’ আরে বেটা, তুই তো বোরখা পরে পালিয়ে গিয়েছিস। তুই তো কাপুরুষ। তুই আবার কী ঘোষণা দেস। তুই তো বর্ডার এলাকা পার হয়ে আসতে পারবি না। এবার তুই নারায়ণগঞ্জে ঢুকলে তোর হাত-পা থাকবে কি না সেটা তুই দেখিস।’
শামীম ওসমান লুটপাট করেছে দাবি করে তিনি বলেন, ‘তোদের পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসীকে আর জিম্মি করতে দেওয়া হবে না। তুই পাঁচ হাজার কোটি টাকা নারায়ণগঞ্জ থেকে লুটপাট করে নিয়েছিস। তারপরও তুই জুলুম করে, হুমকি-ধমকি দিয়ে, সন্ত্রাসী করে আবারও নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করতে চাস। তোকে বলে দিতে চাই, বহু চাঁদাবাজি করেছিস জীবনে, আল্লাহর কাছে তওবা কর, মাফ চা।’
শামীম ওসমানের অসুস্থতার কথা উল্লেখ করে এই নেতা বলেন, ‘তুই (শামীম ওসমান) ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিস। আর এ দিক দিয়ে তুই চাপাবাজি করছিস- নারায়ণগঞ্জে আসবি? কোনও কামান-অস্ত্র তোকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা সেই সময়ের অপেক্ষায় রইলাম। তুই পালিয়ে গেছিস, তোর ছেলে, বউ, আত্মীয়স্বজনসহ তোর নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে। তারপরও তোদের চাপাবাজি থামে না।’
এর আগে ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি দেন এই বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু।