পুলিশের ব্যবহার করা শটগান পাওয়া গেলো ড্রেনে

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ট্রাক টার্মিনাল ও পুরাতন নৌপুলিশ ফাঁড়ির পাশে ড্রেন থেকে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন ট্রাক টার্মিনাল ও পুরাতন নৌপুলিশ ফাঁড়ির পাশের ড্রেন থেকে এটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় পুলিশের বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। লুট হওয়া এসব অস্ত্রের কিছু এখনও উদ্ধার হয়নি। এরই ধারাবাহিকতায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় শটগানটি পড়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে অস্ত্রটির উৎস ও মালিকানা নিশ্চিত হতে যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের প্রাথমিকভাবে ধারণা, ২০২৪ এর গণআন্দোলনে বিভিন্ন থানা থেকে লুট অস্ত্রের একটি এই শটগান।

শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বাহিনীর সদস্যরা এ ধরনের শটগান ব্যবহার করেন। তবে এটি পুলিশে শটগান কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের গণআন্দোলনে পুলিশের লুট হওয়া অস্ত্র হতে পারে।

তিনি আরও বলেন, শটগানটি উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।