গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানা ঘেরাও করেছেন আন্দোলনরত পোশাকশ্রমিকরা। তবে পুলিশ বলছে, শ্রমিকদের সঙ্গে দুষ্কৃতকারীরা ছিল। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কাশিমপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় ডিবিএল গ্রুপের একটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছিলেন। একপর্যায়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনসহ পুলিশের সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশ সদস্যরা পিছু হটে। তা দেখে পুলিশকে ধাওয়া করেন একদল শ্রমিক।
পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা দৌড়ে থানায় ফিরে যান। পরে শ্রমিকরা থানার আশপাশে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে তারা থানা ঘেরাও করেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এ ঘটনার পর থানা ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরে পুলিশের একাধিক টিম যুক্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। একপর্যায়ে আন্দোলনকারীরাও ঘটনাস্থল ছেড়ে চলে যান।
থানা ঘেরাওয়ের চেষ্টা ও সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে কাশিমপুর থানার ওসি খালিদ হোসেন বলেন, ‘শ্রমিকদের সঙ্গে দুষ্কৃতকারীরা যোগ দিয়ে থানার আশপাশে জড়ো হয়। তাদের থানা এলাকা থেকে চলে যেতে বললেও যাচ্ছিল না। পরে পুলিশের একাধিক টিম এসে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে তাদের ছাত্রভঙ্গ করে দেয়। বর্তমানে থানা এলাকায় কোনও শ্রমিক নেই।’