প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
 
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার পরে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। 
 
মৃত নারীর নাম বিলকিস আমিন (৭০)। তিনি ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকিস আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় মারা যান। তবে সন্তান ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের জন্য রাতে জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন তিনি। দাফন শেষে আবার তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, ‌‘জানাজার সময়ে আমাদের থানা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ছিল। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।‌’ 
 
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বলেন, ‘মায়ের জানাজায় উপস্থিত হতে বিকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।’