সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আওয়ামী লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’—এমন পোস্ট দেওয়ার পর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০২ নভেম্বর) সকালে গ্রেফতারের তথ্য জানান উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
গ্রেফতার আসাদ মোল্লা (৩০) উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর আসাদ মোল্লা নিজের ফেসবুকে ‘আওয়ামী লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’—এমন একটি পোস্ট দেন। এরপর রবিবার রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করেন। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় আনা হয়।
ওসি মো. রকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আসাদ মোল্লার বিরুদ্ধে আগের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।