ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রবিবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এতে বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় বাসটিতে আগুন লাগে। পুরোনো ডি-লিংক পরিবহনের বাসটি নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসকর্মীরা ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হলেও প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নয় লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস।