বিকালে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। খবর পেয়ে পুলিশ-বিজিবি লাঠিপেটা করেছেন তাদের। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। রবিবার (১১ নভেম্বর) বিকাল ৩টার দিকে কোনাবাড়ির থানার জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

পোশাকশ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক হাতে লাঠি নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুনের দিকে আসেন। এ সময় তারা আশপাশের কারখানারগুলোতে ইটপাটকেল ছুড়তে থাকেন। ওসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল। তখন স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দেন। খবর পেয়ে বিজিবিও ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ ও বিজিবির সদস্যরা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত স্বাভাবিকভাবেই চলছিল গাজীপুর শিল্পাঞ্চলের কার্যক্রম। বিকাল ৩টার দিকে মন্ডল গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক জরুন মোড়ে আসেন। তারা ছয়-সাতটি কারখানায় ঢিল ছুড়লে শিল্প পুলিশ ও বিজিবি তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়লে তারা সরে যান। ওই সময় ওই এলাকার সাতটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে গাজীপুরে সাতটি কারখানা ছাড়া বাকি সব কারখানায় উৎপাদন চলছে।’

এর আগে সকালে বেতন বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ ১৪ দফা দাবিতে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং ভান্নারা-মৌচাক এলাকার জেনিথ ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ছুটির পর শ্রমিকরা কারখানা থেকে চলে যান। এতে শিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে কাশিমপুর থানাধীন নয়াপাড়া ও জিতার মোড় এলাকায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে কটন ক্লাব বিডি লিমিটেডের ইউনিট-১ ও ইউনিট-২, এমা সিনটেক্স লিমিটেড, তাসনিয়া ফেব্রিক্স লিমিটেড, মাল্টি ফ্যাবস লিমিটেড, মুনটেক্স ফেব্রিক্স লিমিটেড, কাইজার নিট ওয়্যার লিমিটেড, আলীম নিট বিডি লিমিটেড, এলিয়েন্ট টেক্স লিমিটেড, মাইমুন কমপ্লেক্স, ইসলাম নিট ওয়্যার লিমিটেড এবং ডেলটা নিট কম্পোজিট লিমিটেড। এর মধ্যে কটন ক্লাব বিডি ও আলীম নিট বিডি মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিলে শ্রমিকরা চলে যান। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’