এ যেন দেশের ভেতরে আরেক সাম্রাজ্য, যেখানে পুলিশও যেতে ভয় পায়

টঙ্গীতে একটি মসজিদের মাত্র ২০ মিটার এবং খেয়াঘাটের ৫০ মিটারের মধ্যে দিনদুপুরে কয়েকশ মানুষ জড়ো হয়ে মাদক কেনাবেচা ও সেবন করছেন। খোলামেলাভাবেই চলছে অস্থায়ী মাদকের আস্তানা, নজরদারি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে আগন্তুকদের, আর সশস্ত্র কিছু গোষ্ঠী নাকি এলাকার বিভিন্ন অংশে যাতায়াতও নিয়ন্ত্রণ করছে।

গাজীপুরের তুরাগ নদের তীরে গড়ে ওঠা বিশাল বসতি হাজি মাজার বস্তির চিত্র এটি। সেখানে পুলিশি অভিযান, উচ্ছেদ আর মাদকের আখড়া গুঁড়িয়ে দিলেও গড়ে ওঠা এই বিস্তৃত মাদক নেটওয়ার্ক ভাঙা সম্ভব হয়নি। অপরাধীদের নিয়ন্ত্রণের মাত্রা এমনই যে, পুলিশ কর্মকর্তারাও ওই এলাকায় ঢোকার ঝুঁকি মেনে নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘এমনকি আমরা পুলিশ সদস্যরাও সেখানে যেতে ভয় পাই। মনে হয় বাংলাদেশের ভেতরে যেন এটি এক আলাদা রাষ্ট্র।’

ওই কর্মকর্তা জানান, আগে তথ্য সংগ্রহ বা অভিযান চালাতে গিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সহিংস প্রতিরোধের মুখে পড়েছেন।

তিনি বলেন, ‘দল বেঁধে গেলেও আমরা কিছু করতে পারি না। তথ্য সংগ্রহ করতে একবার সহকর্মীকে নিয়ে সেখানে গিয়েছিলাম, কোনোমতে প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছি।’

গত ৬ নভেম্বর ঢাকা ট্রিবিউনের এক অনুসন্ধানে পুরো বস্তিজুড়ে খোলামেলাভাবে মাদক বিক্রি ও সেবনের দৃশ্য দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এই অপরাধ চক্রটি তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

অনুসন্ধানের সময়ই সহিংস ঘটনার শিকার হন ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিক। সন্দেহভাজন মাদক কারবারিরা তাদের ওপর হামলা চালায়, নির্জন স্থানে তুলে নিয়ে যায় এবং প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের মারধর করে।

বদলাচ্ছে রাজনৈতিক সাইনবোর্ড, বহাল মাদক ব্যবসা

আব্দুল্লাহপুরের কাছে প্রায় পাঁচ একর জমিতে গড়ে ওঠা হাজি মাজার বস্তিতে আনুমানিক ৩০ হাজার মানুষের বাস। টঙ্গীর দুটি রাস্তা এবং তুরাগ নদ দিয়ে এই বস্তিতে প্রবেশ করা যায়। এর কেন্দ্রে রয়েছে হযরত সৈয়দ শাহ বাগদাদী (র.)-এর মাজার ও মসজিদ, যাকে ঘিরে গড়ে উঠেছে ঘনবসতিপূর্ণ টিনের ঘর ও বহুতল ভবন।

বাসিন্দাদের অভিযোগ, আগে এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই প্রভাব স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলে যায়।

সরেজমিনে পরিদর্শনের সময় বস্তির বিভিন্ন প্রবেশপথে বিএনপি ও তার অঙ্গসংগঠনের সাইনবোর্ড সর্বস্ব কমপক্ষে পাঁচটি কার্যালয় দেখা গেছে। এগুলোর অধিকাংশই বন্ধ ছিল, দুটি খোলা থাকলেও কোনও লোক ছিল না।

বাসিন্দাদের দাবি, ২০২৪ সালের জুলাইয়ের আগে এই কার্যালয়গুলোর অনেকটিতেই আওয়ামী লীগের সাইনবোর্ড ছিল, যা পরে বদলে ফেলা হয়। স্থানীয় বিএনপি নেতা ও সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের বিলবোর্ডও চোখে পড়েছে।

তবে রাজনৈতিক কার্যালয় বা বিলবোর্ড থাকার অর্থ এই নয় যে এর ব্যবহারকারীরা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বা এর থেকে সুবিধা নিচ্ছেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার এসব অভিযোগ এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দোকান ও অস্থায়ী আস্তানায় প্রকাশ্যে মাদক বিক্রি

অনুসন্ধানের সময় একটি সরু গলিতে মাদক বিক্রি ও সেবনের ঘটনা প্রত্যক্ষ করেন প্রতিবেদকরা।

বাসিন্দারা জানান, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, প্যাথেডিন, চরস, আফিম এবং দেশি ও বিদেশি মদ— সহজেই মিলছে সেখানে। এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র বেচাকেনার অভিযোগও করেন তারা।

সরু গলির ‘ঝিলিক চা স্টোর’ নামের একটি মুদি ও চায়ের দোকানে পাঁচ তরুণকে ইয়াবা ও গাঁজাজাতীয় দ্রব্য সেবন করতে দেখা যায়। সাংবাদিকরা এগিয়ে গেলে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা আট জন নারী ভেতরের পুরুষদের ভেতরে সরিয়ে দেন এবং সাংবাদিকদের চলে যেতে বলেন। 

বাসিন্দাদের অভিযোগ, ক্রেতা-বিক্রেতাদের কাছে ‘ভাবি’ নামে পরিচিত কয়েকজন প্রভাবশালী নারী এই মাদক নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে তাদের পরিচয় ও সুনির্দিষ্ট সম্পৃক্ততার তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সবচেয়ে নজিরবিহীন দৃশ্য দেখা যায় ইজতেমা ময়দানের কাছে, ২৬ ও ২৭ নম্বর শৌচাগার ভবনের পেছনে গড়ে ওঠা কয়েক ডজন অস্থায়ী আস্তানায়। সেখানে কাপড়ের তৈরি কমপক্ষে ৩০ থেকে ৪০টি আস্তানা দেখা যায়, যা মাদকসেবীদের কাছে বিভিন্ন হারে ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। দুপুরের দিকে ভবনগুলোর সামনে ও পেছনে প্রায় ২০০ মানুষ জড়ো হন, যেখানে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চলছিল। 

কিছু ব্যক্তি সাংবাদিকদেরও মাদক সেবনের আমন্ত্রণ জানান। আবার স্থানীয় এক যুবগোষ্ঠীর সদস্যরা কিছু আস্তানায় ঢোকার আগে আগন্তুকদের মাস্ক খোলার নির্দেশ দেন। সেখান থেকে মাত্র ২০ মিটার দূরে ছিল একটি মসজিদ এবং প্রায় ৫০ মিটার দূরে ছিল খেয়াঘাট।

বস্তির ভেতরে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের একটি সরকারি কার্যালয়ও রয়েছে, যার আশপাশেও মাদকের কারবারের খবর পাওয়া গেছে।

সিসিটিভি নজরদারি, প্রবেশে কড়াকড়ি

সন্দেহভাজন এই মাদক নেটওয়ার্ক নিজস্ব নজরদারি ব্যবস্থা পরিচালনা করছে বলে ধারণা করা হয়। প্রবেশপথগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। অপরিচিত কেউ এলে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কিছু অংশে ঢুকতে হলে টেলিফোনে অনুমতি নিতে হয় বলে জানা গেছে। বাসিন্দারা জানান, নবাগতদের মালামালও তল্লাশি করা হয় মাঝে মাঝে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান স্বীকার করেছেন, পুলিশ আগে এই নজরদারি নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

তিনি বলেন, ‘সম্প্রতি আমরা ওই এলাকায় একটি অভিযান চালিয়েছিলাম, তাদের বসানো সব সিসিটিভি ক্যামেরা ধ্বংস করেছি, মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি।’

তবে অভিযানের পরপরই নজরদারি ব্যবস্থা আবার চালু করা হয়েছে বলে জানা গেছে। 

এ ধরনের অবকাঠামো পুনর্বাসনের সক্ষমতা আইন প্রয়োগকারী সংস্থার নেওয়া পদক্ষেপের স্থায়ী কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। 

ব্যর্থ হচ্ছে বারবার অভিযান

হাজি মাজার বস্তিতে পুলিশ এবং অন্যান্য বাহিনী ও কর্তৃপক্ষ বেশ কয়েকটি অভিযান চালালেও মাদক ব্যবসায়ীরা বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গত ২২ জুলাই চিহ্নিত প্রায় ৩০০ সন্দেহভাজন মাদক কারবারির ঘরের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ। ওই অভিযানের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বস্তিতে প্রকাশ্যে মাদক সেবনের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একে ব্যতিক্রমী ও দীর্ঘদিনের সমস্যা হিসেবে উল্লেখ করেন।

আগস্ট মাসে রাজউক প্রায় তিন বিঘা জমির ওপর ১০০টির মতো অবৈধ স্থাপনা ও মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয়। ৩১ আগস্ট কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কার্যালয়ের কাছে আরেকটি উচ্ছেদ অভিযান চালানো হয়।

মে মাস ও তার পরবর্তী মাসগুলোতে পুলিশের অভিযানে ১০০টিরও বেশি ঘর এবং লুকানো সুড়ঙ্গ উদ্ধার করা হয়, যা মাদক কেনাবেচা ও পালানোর কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়।

কিছু আস্তানায় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের সন্ধান মেলে, যেখানে প্রভাবশালী ব্যক্তিরা মাদক সেবনের জন্য জড়ো হতেন বলে অভিযোগ রয়েছে।

তা সত্ত্বেও বাসিন্দারা বলছেন, এসব অভিযান এই নেটওয়ার্ককে স্থায়ীভাবে ধ্বংস করতে পারেনি।

বস্তির বাইরে ছড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড

উদ্বেগের বিষয়টি শুধু হাজি মাজার বস্তিতেই সীমাবদ্ধ নেই। টঙ্গীর আরও কয়েকটি স্থানে মাদক বিক্রির অভিযোগ তুলেছেন বাসিন্দারা। এর মধ্যে রয়েছে ব্যাংক মাঠ বস্তি, কেরানির টেক, আমতলী বস্তি, মিলগেট বস্তি, এরশাদনগর, শিলমুন, মরকুন, অরিচপুর, গাজীপুরা, খোরতৈল মদিনা পাড়া, পাগার ও গোপালপুর।

মাদক বণ্টন ও ছিনতাই নিয়ে বিরোধ থেকে হিংসাত্মক সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় সূত্রের মতে, গত ২৮ সেপ্টেম্বর ব্যাংক মাঠ বস্তিতে রফিকুল ইসলাম জয় নামে একজন নিহত হন এবং ১ সেপ্টেম্বর গোপালপুরে ইয়াবা সংক্রান্ত বিরোধের জেরে নুরুল ইসলাম নামে আরেকজন খুন হন বলে অভিযোগ রয়েছে।

সাবেক বিমান বাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর পর এই বস্তি নিয়ে নতুন করে কড়াকড়ি শুরু হয়। ওই এলাকায় যাওয়ার পর তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল। তার মৃত্যুর পরিস্থিতি এবং এই মাদক নেটওয়ার্কের সঙ্গে কোনও সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাভিত্তিক সীমাবদ্ধতার কথা বলছে পুলিশ

সদ্য যোগদানকারী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ ঢাকা ট্রিবিউনকে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি থাকবে।

তিনি বলেন, ‘আমি আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগ দিয়েছি। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখবো। টঙ্গী মাজার বস্তিসহ পুরো গাজীপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে মাদক কারবারি ও অপরাধীদের গ্রেফতার এবং অপরাধ দমনে অভিযানসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশেষায়িত পুলিশ ইউনিটগুলো এ ধরনের অভিযান চালাতে পুরোপুরি প্রস্তুত এবং আমরা সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। খুব শিগগিরই টঙ্গী মাজার বস্তির মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করা হবে।’

ওসি আরিফুর রহমান জানান, আগের উচ্ছেদ অভিযানের পর সন্দেহভাজন মাদক কারবারিরা তাদের কৌশল বদলেছে। তারা তুরাগ নদ ও ইজতেমা ময়দানের আশপাশে ভাসমান বিক্রয়কেন্দ্র গড়ে তুলেছে।

তিনি বলেন, ‘পুলিশ অভিযান চালাতে গেলে সন্দেহভাজনরা প্রায়ই ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকার দিকে পালিয়ে যায় অথবা ইজতেমা ময়দানের ভেতর দিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।’

বড় ধরনের অভিযান পরিচালনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তবে হাজি মাজার বস্তির বাসিন্দাদের জন্য অভিযানের পর বারবার মাদক কারবারিদের ফিরে আসাটাই এখনও প্রধান উদ্বেগের কারণ হয়ে রয়েছে।