এক জেলা থেকে শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেফতার, আরেক জেলা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

নরসিংদীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ২৯ মামলার আসামি সনেট মোল্লা এবং তার সহযোগী রাকিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকালে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বান্টি ও নরসিংদীর শালিধা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সনেট (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার বাদল মোল্লার ছেলে ও সহযোগী শ্যালক রাকিব মিয়া (২৮) শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, সনেট মোল্লার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে নরসিংদীসহ বিভিন্ন জেলায় ২৯টি মামলা রয়েছে। রাকিব মিয়ার বিরুদ্ধে আছে ১১টি মামলা।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান বলেন, ‌‘গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে জেলার শীর্ষ সন্ত্রাসী সনেটকে ধরতে নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ডে অভিযান চালায় সদর থানা পুলিশ। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও তার দেখানোমতে নরসিংদী শহরের শালিধা মহল্লার ফাঁকা জায়গা থেকে অবৈধ একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়। এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য ওই অস্ত্র ও গুলি মজুত রেখেছিলেন বলে স্বীকার করেছেন সনেট। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। একই রাতে পৃথক অভিযানে সনেটের সহযোগী ১১ মামলার আসামি রাকিবকেও গ্রেফতার করেছে ডিবি পুলিশ।’