এক কারখানার উত্তেজনা ছড়ালো আশপাশে, ছুটি ঘোষণা একাধিক কারখানায়

সকালে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরে আশুলিয়ার জামগড়ায় কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ইসলাম গ্রুপের রোজ ড্রেস কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে বাইরে হইচই শুরু করেন। একপর্যায়ে তারা ক্যানভয় ও স্টারলিং গ্রুপসহ আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় একাধিক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আশুলিয়ায় সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, সকালে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। শ্রমিকদের নির্বিঘ্নে কারখানায় প্রবেশ নিশ্চিত করতে বিভিন্ন স্থানে শিল্প পুলিশ মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাও করা হয়।

তবে জামগড়ায় ইসলাম গ্রুপের রোজ ড্রেস কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান করে হইচই শুরু করেন। পরে তারা বের হয়ে ক্যানভয় ও স্টারলিং গ্রুপসহ আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।

শিল্প পুলিশ সুপার বলেন, বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেসব কারখানা ছুটি ঘোষণা করেনি, সেগুলোতে স্বাভাবিকভাবে কাজ চলছে।

শ্রমিকদের দুপুরের খাবার খেতে যাওয়া এবং পরে নিরাপদে কারখানায় ফেরার বিষয়টি নিশ্চিত করতে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, বিজিবিসহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে বলে জানান তিনি।

ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের দু-একজন সদস্যের হাত ও পায়ে সামান্য আঘাত লেগেছে জানিয়ে মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

শিল্প পুলিশের অস্ত্র ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, শিল্প পুলিশ কোনও আগ্নেয়াস্ত্র বা শর্টগান ব্যবহার করে না। শ্রমিকদের প্রতিপক্ষ মনে করে না পুলিশ। শ্রমিকেরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং রফতানি আয়ের গুরুত্বপূর্ণ অংশীদার। তারা কাজে ফিরে যান অথবা শান্তিপূর্ণভাবে বাসায় অবস্থান করেন এটাই পুলিশের প্রত্যাশা।

তিনি আরও বলেন, শ্রমিকেরা যাতে সড়ক অবরোধ ও ভাঙচুর না করেন, সে জন্য তাদের নিবৃত্ত করার চেষ্টা চলছে। প্রয়োজনে টিয়ার গ্যাস ও বিশেষ পরিস্থিতিতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এর বাইরে পুলিশ অন্য কোনও অস্ত্র সঙ্গে রাখে না বা ব্যবহার করে না।

শ্রমিকদের বিরুদ্ধে শিল্প পুলিশ বা অন্য কোনও বাহিনী অস্ত্র ব্যবহার করছে না এ বার্তাটি শ্রমিকদের কাছে পৌঁছে দিতে চান বলেও জানান তিনি।