পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি-বইঠা হাতে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণ ও দুটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সেতুসহ আশপাশের এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ৭০০ থেকে ৮০০ লোক নাওডোবা এলাকায় জড়ো হন। তাদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং সমর্থকেরা ছিলেন। পরে তারা লগি-বইঠা হাতে টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকও ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অবরোধের ফলে ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পদ্মা সেতুর ওপর ও আশপাশের সড়কে যানজট তৈরি হয়। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শিবচর হাইওয়ে থানার ওসি এনামুল হাসান বলেন, অতিরিক্ত পুলিশ, পদ্মা সেতু দক্ষিণ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সরিয়ে দেন।
এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ফেসবুকে মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। এ কর্মসূচি ঘিরে আগের দিন থেকেই শরীয়তপুরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের জড়ো হওয়ার তথ্য ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় পুলিশ নাওডোবা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়। পরে সেখানে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।
রাতের বিক্ষোভে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরকে বক্তব্য দিতে দেখা যায়। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা প্রতিহত করার কথা বলতে শোনা যায়।
ঘটনাস্থলের কাছেই পদ্মা সেতু দক্ষিণ থানা, সেনানিবাস, সেতুর সার্ভিস এলাকা ও টোল প্লাজা অবস্থিত। এমন গুরুত্বপূর্ণ এলাকায় গভীর রাতে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।