কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরে মহাসড়কে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা থেকে ভাঙ্গা উপজেলার পুখুড়িয়ার মধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কে এ মিছিল করা হয়।
মিছিলে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ানকে নেতৃত্ব দিতে দেখা যায়। মিছিলের ভিডিও তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান নামের ফেসবুকে আইডি থেকে সকাল সাড়ে ৯টার দিকে আপলোড করেন তিনি নিজেই। এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায় অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগের স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন। তাদের পাশ দিয়ে দূরপাল্লার বাসগুলো যাচ্ছে। মিছিলটিতে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরীকে নেতৃত্ব দিতে দেখা যায়।
মিছিলকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘ফরিদপুর জেলা ছাত্রলীগ, মোদের নেতা শেখ মুজিব’, স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে তামজীদুল রশিদ চৌধুরী বলেন, ‘মিছিলের আগে আমরা ১৫ মিনিটের জন্য মহাসড়ক অবরোধ করেছি। ওই সময় সড়কের দুই পাশে যেসব বাস আটকা পড়েছে আমরা প্রতিটি বাসে উঠে যাত্রী ও চালকদের আমাদের অবরোধ কর্মসূচি তুলে ধরে এ ব্যাপারে তাদের সহযোগিতা কামনা করেছি। তবে আমরা কোনও ধরনের সহিংসতা করিনি। পরে মহাসড়কে আমরা মিছিল করেছি।’
তবে মিছিলকারীদের কোনও ব্যানার ব্যবহার করতে দেখা যায়নি। এ বিষয়ে তামজীদুল রশিদ চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার প্রশ্নে আপসহীন আমরা। আমাদের মিছিল করতে ব্যানার লাগে না।’
তবে মহাসড়কে ছাত্রলীগের এই মিছিল করার দাবি অস্বীকার করেছে নগরকান্দা পুলিশ। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, ‘মিছিলের ভিডিওটি আমি দেখেছি। এটি নগরকান্দা থানার সীমানার কোনও মহাসড়কের ঘটনা বলে মনে হয়নি, অন্য কোথাও মিছিল করে এখানে মিছিল করার দাবি করা হতে পারে। কারণ আজ ভোর ৫টা থেকে আমরা মহাসড়কে আছি, টহল দিচ্ছি। এই জাতীয় কোনও মিছিল আমার এলাকায় হয়নি এবং আমার চোখে পড়েনি।’