জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক (ডেইরি গেট) তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রাতে ছাত্রলীগের ১০ থেকে ১২ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে জানা যায়, ১০ নভেম্বরের ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে তারা এ ঘটনা ঘটিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম বলেন, গভীর রাতে কয়েকজন ব্যক্তি ফটকে তালা লাগানোর সময় নিরাপত্তাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দেন। কাছাকাছি এলাকায় পুলিশ টহলে থাকলেও এক মিনিটের মধ্যে তালা লাগিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তিনি আরও বলেন, ঘটনার পর সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে, ফটকে তালা লাগানোর ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ১০ নভেম্বরের দেশব্যাপী ‘ছাত্র ধর্মঘটের’ সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঘরে থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষা অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।